
রংপুর ব্যুরো
জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর যেগুলোতে একমত হয়েছি, সেগুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী আমরা আগামী দিনের সংবিধান সংশোধন করব’।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মুনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এক কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাঈদের পিতার মকবুল হোসেন, মঞ্জুরী কমিশনের সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, ভিসি ড এম শওকাত আলী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিইএসসি) চেয়ারম্যান আব্দুল খালেক, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ মন্ত্রী বলেন, ‘যে আকাক্সক্ষা নিয়ে আবু সাঈদসহ যারা জুলাইতে আত্মদান করেছেন, সেই আত্মদানের প্রতি সম্মান রেখে বর্তমান সরকার একটি মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কাজে আমরা নিয়োজিত।
এ সময় ত্রাণ মন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চলছে। যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেখানে নোট অফ ডিসেন্টে বলা হয়েছিল যে, যে দল ম্যান্ডেটপ্রাপ্ত হয়, তারা সেইভাবে জুলাই সনদটাকে বাস্তবায়ন করবে। আমরা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর আমরা যেগুলোতে একমত হয়েছি, সেগুলো নিয়ে জুলাই সনদ অনুযায়ী আমরা আগামী দিনের সংবিধান সংশোধন করব। এ ব্যাপারে বিভ্রান্তি রাখার কোনো কারণ নেই।
মন্ত্রী বলেন, আজকে যে তোরণ নির্মাণ হচ্ছে, এটা সরকারেরই প্রতিষ্ঠান- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে হচ্ছে। এ ছাড়া আপনারা জানেন যে প্রায় এক হাজার ৯০ কোটি টাকা বা এক হাজার ১০০ কোটি টাকার একটা প্রকল্প ইতোমধ্যে সাবমিট করা আছে। শিক্ষা মন্ত্রণালয়ের সমস্ত প্রসিডিং আমরা শেষ করেছি, যেখানে চারটি হল রয়েছে, একাডেমিক ভবন রয়েছে এবং অন্যান্য যে সুবিধাগুলো, সেটা এর মধ্যে আছে। আমি আশা করি যে গতিতে এটা চলছে- যেহেতু এটি জুলাইয়ের পক্ষে সরকার, আবু সাঈদ সরকার এবং আমরা এই অঞ্চলের উন্নয়ন চাই, সেজন্য আমি আশা করি ডিসেম্বরের মধ্যে টেকনিক্যাল পাস হবে ইনশাল্লাহ।
ত্রাণ মন্ত্রী বলেন, এখানে যে বিভাগগুলো আছে, সেই বিভাগগুলো খুব ট্রেডিশনাল বিভাগ এবং ফ্যাসিস্টরা যেভাবে বিশ্ববিদ্যালয়কে সাজানোর চেষ্টা করেছেন- উত্তরবঙ্গের যে জনপদ, তাতে পিছিয়ে পড়বে আমাদের ছেলেমেয়েরা। আধুনিক যে বিভাগগুলো- যেমন রোবটিক্স, এআই, ডেটা সায়েন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আমরা গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সভা ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সায়েন্স সংক্রান্ত সাবজেক্টগুলো রয়েছে, আমরা আশা করি তিন মাসের মধ্যে এখানে কয়েকটা সাবজেক্ট ওপেন করব।
ত্রাণ মন্ত্রী বলেন, ‘এই সরকারের প্রতি আস্থা রাখেন এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশনে বিভ্রান্ত না হন, তাহলে ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন বছরের এই বিশ্ববিদ্যালয়ের চেহারা আমরা তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন করব ইনশাল্লাহ।’ অব্যাহত দাবির মুখে দীর্ঘ দুই বছর পর অবশেষে শহীদ আবু সাঈদ গেটের নির্মাণ কাজ শুরু হলো। ২০২৪ সালের ১৬ জুলাই এই গেটের সামনে হাত উচিয়ে পুলিশের গুলি বরণ করে শহীদ হয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








