
কৃষকের আত্মহত্যা
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে তোজাম্মেল হক (৬৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের বুজরত মেহের প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে তোজাম্মেল হকের স্ত্রী কহিনুর খাতুন ছোট মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বিকেল ৪টার দিকে মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরে ঘরে ঢুকে স্বামীকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে নামিয়ে আনেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। চার সন্তানের জনক তোজাম্মেল হক কিছুদিন ধরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বগুড়া অফিস ও ধুনট সংবাদদাতা।
২৫২ কিশোর গ্যাং সদস্য আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে- এমন চিহ্নিত স্থানে একযোগে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তদারকি করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাং দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৫ দিনে ছয় দফায় মোট দুই হাজার ২৯১ জনকে আটক করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি।
এমপি রেজাউলের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো: রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে প্রায় পৌনে তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদি হয়ে মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, অনুসন্ধানে রেজাউল হকের সম্পদ বিবরণীতে ৫৭ লাখ ছয় হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং দুই কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়। ২০২৫ সালে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়া হলে তিনি আইনজীবীর মাধ্যমে তা জমা দেন। দুদকের উপপরিচালক মইনুল আহসান রওশনী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। কুষ্টিয়া প্রতিনিধি।
কুকরি-মুকরিতে অতিরিক্ত ভাড়া আদায়
ভোলার পর্যটনকেন্দ্র চর কুকরি-মুকরি ও তারুয়া সৈকতে যাওয়ার একমাত্র পথ চর কচ্ছপিয়া খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, একটি সিন্ডিকেট নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ-তিনগুণ টাকা আদায় করছে। ভুক্তভোগীরা জানান, ঘাটে ভাড়ার তালিকা নেই। ৪৫ মিনিটের নৌপথে ট্রলারের ভাড়া আগে ছিল ৪০ থেকে ৭০ টাকা। এখন নেয়া হচ্ছে ১০০ টাকা। জ্বালানির অজুহাতে বাড়ানো ভাড়া সঙ্কট কাটলেও এখানে কমানো হয়নি। ট্রলারের ভাড়ার বাইরে ঘাটে ওঠানামার জন্যও খাজনা আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত ও আটকে রাখার অভিযোগ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও পর্যটকেরা ভোগান্তিতে পড়ছেন। স্থানীয়দের দাবি, ঘাটে সরকারি ভাড়ার তালিকা টাঙিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে। চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা।
রায়গঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার তেলিজানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাপ্পু বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা এনামুল সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্বশুর নুরনবীর বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কারের সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পাপ্পু বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছের সাথে তার লাশ ঝুলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজার রহমান জানান, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কৌশলে লাশ নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা।
হত্যা মামলার আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আটক মাহবুব আলম (৪৯) কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া সদর থানার ২০২৫ সালের ১৫ আগস্টের এফআইআর নম্বর ১২ এবং জিআর নম্বর ৩১৪-এর একটি মামলায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৪১, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। এর মধ্যে ৩০২ ধারা হত্যাসংক্রান্ত। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো: তুহিন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ময়মনসিংহের মুক্তাগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেছে জেলা পরিষদ। গত বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ডাকবাংলো চত্বরে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৬-২৭ অর্থবছরে অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়। ১৮টি প্রকল্পের বিপরীতে ১৩ লাখ ৭৫ হাজার টাকার চেক এবং তিনজনকে মোট ৪০ হাজার টাকা সহায়তা দেয়া হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র ও থানার ওসি কামরুল ইসলাম বক্তব্য দেন। মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা।
এসিড পান করে যুবকের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে রাসায়নিক পদার্থ (এসিড) পান করে দোলন কুমার বণিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দোলন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের মানিক লাল বণিকের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি বাগানে এসিড পান করলে সেখানেই দোলনের মৃত্যু হয়। এসিডের কারণে তার পরনের লুঙ্গিও পুড়ে যায়। সেনবাগ থানার ওসি হযরত আলী মিলন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নোয়াখালী অফিস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








