
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে সরকারি সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাবরুক আল ইসলাম জোয়াদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত এ নেতার নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তার বাবা মনোয়ার হোসেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
গত ৯ অক্টোবর কৃষি মন্ত্রণালয় সার ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। অভিযোগ রয়েছে, মনিটরিং কমিটির সদস্য হিসেবে প্রভাব খাটিয়ে মনোয়ার হোসেন তার ছেলে মাবরুক ও আপন ভাগিনা আবু তাহের সরকারের নাম প্রস্তাবিত তালিকায় অগ্রাধিকার দিয়ে পাঠান। এতে দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। অনুসন্ধানে জানা গেছে, গয়াবাড়ী ইউনিয়নে বিসিআইসি সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন ‘মাবরুক বিজনেস সেন্টার’-এর স্বত্বাধিকারী মাবরুক। মাবরুকের বিরুদ্ধে ২০২৩ সালে জাবি ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় আসামি থাকার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে। প্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








