
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় হঠাৎ প্রবল ঝড়ে প্রায় আট হেক্টর জমির কলা, পেঁপে ও বিভিন্ন সবজি বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ঝোড়ো বাতাস ও ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই উপজেলার কয়েকটি এলাকার ফসলি ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি, মাখালডাঙ্গা ও গাইদঘাটসহ আশপাশের এলাকায় ঝড়ের তাণ্ডব বেশি ছিল। বাতাসের তোড়ে অসংখ্য কলাগাছ ভেঙে ও উপড়ে গেছে। এ ছাড়া পেঁপে, মরিচ, রোপা আমন ধান এবং শিমসহ বিভিন্ন মৌসুমি সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঝড়ে প্রায় আট হেক্টর জমির ফল ও সবজি বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরিদর্শন ও চূড়ান্ত তথ্য সংগ্রহ শেষে ক্ষতির এই পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
স্থানীয় ভুক্তভোগী কৃষকরা জানান, দীর্ঘ দিন ধরে দিনরাত পরিশ্রম ও ধারদেনা করে ফসলের পেছনে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন তারা। ফসল তোলার ঠিক আগমুহূর্তে হঠাৎ এমন তাণ্ডবে সব শেষ হয়ে গেছে। শুধু ফসল নয়, এর সাথে জড়িয়ে আছে পরিবার চালানোর খরচ ও ঋণের বোঝা। ফলে আসল পুঁজি তো দূরের কথা, দেনা পরিশোধ করা নিয়েই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ জানান, ঝড়ের পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় মাঠপর্যায়ে সার্বিক তথ্য ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান সংগ্রহের কাজ চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








