
গাজীপুর মহানগর প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে একাডেমিক কার্যক্রম-সব ক্ষেত্রেই জেন্ডার সমতা ও সংবেদনশীলতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘একাডেমিয়ায় জেন্ডার সমতা মূলধারায় অন্তর্ভুক্তকরণ’ প্রকল্পের প্রতিনিধি দলের সাথে গতকাল এক মতবিনিময় সভায় এ অঙ্গীকারের কথা জানান ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেন, জেন্ডার সমতাকে শুধু একটি প্রকল্পের কার্যক্রম হিসেবে দেখলে হবে না; বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, একাডেমিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষার্থী সেবা ও প্রাতিষ্ঠানিক পরিচালনার সব ক্ষেত্রেই বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। বাউবির জেন্ডার সমতা পরিকল্পনা নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় ‘ম্যাজেন্ডা’ প্রকল্পের আওতায় বাউবিতে বাস্তবায়নাধীন জেন্ডার সমতা পরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা ও সামাজিক প্রচারাভিযান, শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং প্রাতিষ্ঠানিক নীতি প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।
ভিসি প্রকল্পটির আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করে বলেন, এটি বাউবিতে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পের সফল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এ দিকে নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রকল্পটির চূড়ান্ত সম্মেলনে ‘একাডেমিয়ায় জেন্ডার সমতা মূলধারায় অন্তর্ভুক্তকরণ’ বিষয়ে মূল বক্তব্য দেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন বাউবি ভিসি।
পরে প্রতিনিধি দল বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করে শিক্ষামূলক কনটেন্ট তৈরি ও ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়। জেন্ডার সচেতনতা তৈরিতে বাউবির গণমাধ্যম অবকাঠামো ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সভায় বাউবির প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, প্রকল্পের গবেষক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, ডেপুটি প্রকল্প ব্যবস্থাপক সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








