
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী শিশুকে দুই লাখ টাকায় বিক্রি করে দেয়ার অভিযোগে শিশুটির দাদা-দাদীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকার দোহার থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেনÑঈশ্বরগঞ্জের মাইজহাটি এলাকার উজ্জ্বল মিয়া (৫০), তার স্ত্রী আয়শা খাতুন (৪৫), মেয়ে শরিফা খাতুন (৩৫) এবং ঢাকার দোহারের হরিচণ্ডী এলাকার আবেদ মোল্লা (৩৫) ও তার স্ত্রী শিখা (৩৫)। এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ মাস আগে রোজিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। তবে সন্তান মোজাহিদ রয়ে যায় বাবার বাড়িতে। পরে রোজিনা জানতে পারেন, গত ২৮ সেপ্টেম্বর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শিশুটিকে দুই লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে তদন্ত করে ঢাকার দোহার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। নিঃসন্তান দম্পতি আবেদ ও শিখা লালনপালনের জন্য অবৈধ উপায়ে শিশুটিকে নেন। গ্রেফতার সবাইকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








