শেরপুরে ঋণখেলাপি ব্যবসায়ী জয়নালের কারাদণ্ড

 শেরপুর প্রতিনিধি
চেক ডিজঅনার মামলায় শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ব্যাংক গ্রাহক মো: জয়নাল আবেদীনকে এক বছরের কারাদণ্ড এবং তিন কোটি ৯ লাখ ৯৯ হাজার ১২৩ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ৬ অক্টোবর বিকেলে জামালপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ ইকবাল মাহমুদ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত জয়নাল আবেদীন মেসার্স সাকী অটো রাইস মিল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান। জানা গেছে, জয়নাল আবেদীন ইসলামী ব্যাংক শেরপুর শাখা থেকে ১০৩ কোটি টাকা বিনিয়োগ নিয়ে পরিশোধ করেননি। ব্যাংক পাওনা আদায়ে বারবার যোগাযোগ করলেও উদ্যোগ না নেয়ায় তার দেয়া একটি চেকের ওপর ডিজঅনার মামলা করা হয়। ময়মনসিংহ জোনে ব্যাংকের সর্ববৃহৎ খেলাপি গ্রাহক তিনি।
ইসলামী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মাসুদ জানান, ব্যাংকের পাওনা আদায়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা হাতে পেলেই আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

Advertisement