
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক প্রবাসীর মাছের প্রকল্পে ভাঙচুর ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী আসাদ মণ্ডলের মাছের প্রকল্পে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মাছ মারা গেছে। আসাদ মণ্ডল বলেন, ১৬-১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জন করা অর্থে তিনি মাছের প্রকল্প গড়ে তুলেছেন। সম্প্রতি ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মণ্ডল তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হয়রানি ও হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন প্রকল্পে ঢুকে সীমানাপ্রাচীর ভাঙচুর ও পুকুরপাড়ের প্রায় ৫০ কাদি কলাগাছ কেটে নিয়ে যায়। পরে রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের বেড়া ও প্রাচীর ভাঙচুর এবং মাছ নিধনের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। পাংশা থানার ওসি মকবুল হোসেন জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








