লিবিয়ায় অসন্তোষের মুখে স্পিকারের বিদায়

আলজাজিরা
লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রতিনিধি পরিষদ তাদের নতুন স্পিকার নির্বাচন করেছে। এর মাধ্যমে স্পিকার হিসেবে আকীলা সালেহের দীর্ঘ ১২ বছরের কার্যকালের অবসান ঘটল। তার নেতৃত্বের প্রতি আইনপ্রণেতাদের ক্রমবর্ধমান অসন্তোষের কারণেই এ পরিবর্তন এসেছে। ১৭০ সদস্যের আইনসভার সদস্যগণ গত মঙ্গলবার এক ভোটাভুটির মাধ্যমে সালেহের স্থলাভিষিক্ত হিসেবে সালেহিন আবদুন নবী আলওবাইদিকে নির্বাচিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পার্লামেন্টের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারদের মেয়াদ এক বছরের জন্য সীমাবদ্ধ করার নতুন একটি নিয়ম ৯৮ জন আইনপ্রণেতা অনুমোদন করার একদিন পর এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এ নতুন নিয়ম চালুর ফলে ২০১৪ সালে প্রতিনিধি পরিষদের প্রথম নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর থেকে চলে আসা পুরনো ব্যবস্থার অবসান ঘটল। পার্লামেন্ট সদস্য জেব্রি অহাইদা রয়টার্সকে জানান, অসংখ্য ভুলের কারণে পূর্ববর্তী নেতৃত্বের ওপর পার্লামেন্ট সদস্যদের তীব্র অসন্তোষ ছিল। তারা এ সমস্যাগুলো সমাধান করতে স্পিকারের সাথে আলোচনার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এসব ভুলের মধ্যে পার্লামেন্ট সদস্যদের সাথে পরামর্শ না করে এককভাবে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

Advertisement