
ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন কাভান সুলিভান। সর্বশেষ আটটি এমএলএস ম্যাচে করেন ছয় গোল ও আটটি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সে ফিলাডেলফিয়া টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে নতুন ক্লাব রেকর্ড গড়েছে। সেপ্টেম্বর মাসের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে লিওনেল মেসির মতো তারকাকে পেছনে ফেলে হয়েছেন মাসের সেরা খেলোয়াড়। এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে মাসসেরার পুরস্কার জেতেন সুলিভান। সেই পারফরম্যান্সই যুক্তরাষ্ট্র জাতীয় দলের আলোচনায় নিয়ে এসেছে তাকে।
কাভান সুলিভানের নানী সুলতানা আলমের সূত্রে বাংলাদেশী বংশোদ্ভূত। কাভানের দুই ভাই ডেক্লান সুলিভান ও রোনান সুলিভান বাংলাদেশের হয়ে সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে খেলেছেন। বাংলাদেশী বংশোদ্ভূত এই ফুটবলার যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে এবার গড়লেন গোলের রেকর্ড। মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে গত পরশু ৩-০ গোলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে দলের হয়ে ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি ১৭ বছর ৫ দিন বয়সে করে রেকর্ড গড়েন সুলিভান। মাত্র কয়েক দিন আগেই রেকর্ডটি গড়েছিলেন তার সতীর্থ ম্যাথিস আলবার্ট। গত মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেছিলেন আলবার্ট। সেই রেকর্ডই ভাঙলেন সুলিভান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








