জয়ের সেঞ্চুরি রুয়েলের ফাইফার

ক্রীড়া প্রতিবেদক
প্রথম দিন ছয়জন ব্যাটার ৭০ প্লাস স্কোর করেও সেঞ্চুরি করতে পারেননি। তাদের মধ্যে খুলনার মোহাম্মদ মিঠুন নব্বইয়ের ঘরে গিয়ে আউট হন। শেষপর্যন্ত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরের প্রথম সেঞ্চুরিটা এসেছে চট্টগ্রামের হয়ে খেলা জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। আর প্রথম পাঁচ উইকেট পেয়েছেন বরিশালের পেসার রুয়েল মিয়া। এটা তার ক্যারিয়ারের অষ্টম ফাইফার।
চট্টগ্রামের বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীকে ৩৬৪ রানে গুটিয়ে দেয়ার পর খেলতে নেমে জয় আর সাদিকুর রহমান ওপেনিং জুটিই দ্বিতীয় দিনের বাকি সময় ব্যাট করে চট্টগ্রামের প্রথম ইনিংসে ১৯০ রান তুলেছেন। ১৬৬ বলে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন জয়। এই ইনিংসের পথে ক্যারিয়ারের তিন হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ডান হাতি ব্যাটার। ৮টি বাউন্ডারি ও দু’টি ছক্কায় ১০২ রানে অপরাজিত আছেন জয়। তার সাথে সাদিকুর সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আছেন। 
এর আগে সকালে ছয় উইকেটে ২৯০ রান নিয়ে খেলতে নামা রাজশাহী ২৫ ওভারে আরো ৭৪ রান যোগ করে। চট্টগ্রামের হাসান মুরাদ চারটি, এনামুল হক আশিক তিনটি, জয় এক উইকেট নেন।
রুয়েলের ৫ উইকেটেও ফলোঅনে বরিশাল
দু’দিনেই জয়ের সুবাস পাচ্ছে খুলনা। ৪২৬ রান করার পর বরিশালকে ৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ফলোঅনে বাধ্য করেছে মোহাম্মদ মিঠুনের দল। বরিশাল দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৪৩ রান নিয়ে দিন শেষ করেছে। পাঁচ উইকেটে ৩২৮ রান নিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং আবার শুরু করেছিল খুলনা সকালে। আরো ৯৮ রান যোগ করে তারা। সবশেষ আবদুল হালিমকে বোল্ড করে ক্যারিয়ারে অষ্টমবার পাঁচ উইকেট নেন রুয়েল মিয়া ৫/৮০। পরে বরিশালের প্রথম ইনিংস ২৯ ওভারেই গুঁড়িয়ে দেন খুলনার বোলাররা। তিনটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও শেখ পারভেজ জীবন। 
রংপুরের বিপক্ষে বিপদে ঢাকা
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছয় উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করা রংপুরের প্রথম ইনিংস থামে ৩৪০ রানে। দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করে ঢাকা দিন শেষ করেছে ছয় উইকেটে ১২০ রানে। ৭৪ রানে ছয় উইকেট হারানোর পর তাইবুর রহমান (৩২*) ও সুমন খান (১৯*) আর বিপদ বাড়তে দেননি। ঢাকার বাঁ হাতি স্পিনার আরিফ আহমেদ ৯২ রানে নেন চার উইকেট।
সিলেটের লিড নেয়ার লড়াই
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাত উইকেটে ২৭৩ রান নিয়ে দিন শুরু করা ময়মনসিংহ অলআউট হয়েছে ৩১১ রানে। সিলেটের পেসার তোফায়েল আহমেদ এবং দুই স্পিনার নাঈম আহমেদ ও নাবিল সামাদ তিনটি করে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম ক্রিকেটার অনিক দেব বর্মণ একটি উইকেট পেয়েছেন। সিলেট প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ২৩৬ রানে দিন শেষ করেছে।

Advertisement