
মদপানে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
নোয়াখালীর সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় সেবনের পর মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, গত শনিবার সকালে সাকিবসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। পরে সাকিব ও মো: টিপুকে নোয়াখালী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্র জানায়, কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুরে একদল তরুণ বারবিকিউ পার্টির আয়োজন করেন। সেখানে মদের সাথে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ পানীয় তৈরি করে সেবনের অভিযোগ রয়েছে। অসুস্থ সাইফুল ইসলাম পাখিকে ঢাকায় পাঠানো হয়েছে। টিপু, মনির হোসেন শান্ত ও মোহাম্মদ রাসেল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষাক্ত মদপানে অসুস্থ তিনজনের চিকিৎসার কথা জানান। নোয়াখালী অফিস।
কিশোর গ্যাং প্রতিরোধে সেমিনার
মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চবিদ্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি বলেন, এসব অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি। শিক্ষার্থীদের অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। তিনি প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং অনলাইন হয়রানি বা অপরাধের ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান। সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঢাকা জেলা প্রতিনিধি।
তালা ভেঙে ১০০ মণ পাট চুরি
বগুড়ার ধুনটে একটি গোডাউনের সাটারের তালা কেটে প্রায় ১০০ মণ পাট চুরির অভিযোগ উঠেছে। গত শনিবার বিকেলে গোডাউন পরিদর্শনে গিয়ে বিষয়টি টের পান ব্যবসায়ীরা। চুরি হওয়া পাটের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, খাজা মঈন উদ্দিন ও সঞ্জয় কুমার দুই মাস আগে পাট কিনে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি এলাকায় একটি গোডাউন ভাড়া নেন। সেখানে প্রায় এক হাজার ২০০ মণ পাট মজুদ ছিল। গোডাউনে কোনো প্রহরী ছিল না। ব্যবসায়ী সঞ্জয় কুমার বলেন, শনিবার বিকেলে গিয়ে সাটারের দুটি তালা কাটা দেখতে পান। পরে ভেতরে গিয়ে প্রায় ১০০ মণ পাট না থাকার বিষয়টি নিশ্চিত হন। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া
হবে। বগুড়া অফিস ও ধুনট সংবাদদাতা।
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযান
চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত থানা এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো: সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) ও দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। পুলিশ আরো জানায়, আটক ২১ কিশোরের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা।
মাদক কারবারির বাড়ি ভাঙচুর
সাতক্ষীরায় মাদক কেনাবেচার অভিযোগে দুই ভাইয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গাঁজা কিনতে আসা দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড়সংলগ্ন ও ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ফজর আলী ও আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। এ অভিযোগের জেরে ২০০-৩০০ জন তাদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ সময় আটক হন কাশীনাথপুর গ্রামের তপন সরকার (২৭) ও দৌলতপুর গ্রামের সাগর সরকার (২৩)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুনের দাবি, তুচ্ছ বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাট করা হয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি।
মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ১০
কিশোরগঞ্জের নিকলীতে ইজারাকৃত সরকারি জলমহাল ‘সালীর বিল’-এ মাছ ধরা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল ও শনিবার সকালে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার সালীর বিলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরা ও জলমহালের দখল নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার সকালে সংঘর্ষে ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।
দুর্গাপুরে ১২ কোটি টাকার পণ্য আটক
নেত্রকোনা সীমান্তে চোরাচালান ও অবৈধ চলাচল ঠেকাতে নজরদারি জোরদার করেছে ৩১ বিজিবি। গত নয় মাসে প্রায় ১২ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি। তিনি জানান, আটক পণ্যের মধ্যে মদ ও মাদকদ্রব্য, পোশাক, খাদ্যসামগ্রী, গবাদিপশু ও অন্যান্য সামগ্রী রয়েছে। এছাড়া গত পাঁচ মাসে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কয়লা ও অন্যান্য চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ ঠেকাতে টহল জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরা ও হ্যালোজেন লাইট স্থাপন করা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা।
সীমান্তে আইসসহ পিস্তল ও গুলি উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে ক্রিস্টাল মেথ আইস, পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার রাতে উপজেলার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি-১৫ লালমনিরহাট ব্যাটালিয়ন। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার সামগ্রীর আনুমানিক মূল্য পাঁচ কোটি এক লাখ ২০০ টাকা। তিনি জানান, উদ্ধার পদার্থটি প্রকৃত ক্রিস্টাল মেথ আইস কি না, তা ল্যাবরেটরি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। অনেক সময় আইসের নামে নিম্নমানের মাদকও পাওয়া যায়। পরীক্ষার ফলের ভিত্তিতেই বিষয়টি নিশ্চিত করা হবে। রংপুর ব্যুরো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








