রোহিঙ্গাদের স্বেচ্ছা নিরাপদ প্রত্যাবাসনে কাজ করতে চায় সুইডেন

  কূটনৈতিক প্রতিবেদক

Advertisement

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সুইডেন।
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাতে এই অভিমত ব্যক্ত করেন। আলোচনায় উন্নয়নসহায়তা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় স্থান পায়। রাষ্ট্রদূত উইকস বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে সুইডেনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন। তিনি গণতান্ত্রিক সংস্কারের পথে এগিয়ে যাওয়ার বাংলাদেশের প্রচেষ্টা এবং রোহিঙ্গাদের প্রতি অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন।
সুইডেনকে একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে দেশটির সহায়তার প্রশংসা করেন। উভয় পক্ষ অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণের ওপর জোর দেন। এ ছাড়া বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ভবিষ্যৎ বাণিজ্য ব্যবস্থা নিয়ে তারা মতবিনিময় করেন। হুমায়ুন কবির নবায়নযোগ্য শক্তি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প, প্রকৌশল এবং টেলিযোগাযোগ খাতে সুইডেনকে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।  উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন উৎসাহিত করার পাশাপাশি দক্ষ অভিবাসন ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করে। প্রতিমন্ত্রী রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের জন্য সুইডেনের অব্যাহত সহায়তা কামনা করেন। এ ছাড়া তিনি এই সঙ্কটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সুইডেনের সমর্থন প্রত্যাশা করেন।