শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

Advertisement

শিক্ষার মানোন্নয়ন ও সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে পর্যায়ক্রমে দেশের পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) নেতারা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মো: আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘শিক্ষার মান উন্নয়নে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে’ এ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে বাকশিস সভাপতি অধ্যক্ষ মো: ইসহাক হোসেন বলেন, দেশের শিক্ষাব্যবস্থার প্রায় ৯৫ শতাংশ বেসরকারি শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হলেও তাদের আর্থিক, পেশাগত ও সামাজিক মর্যাদায় এখনো ব্যাপক বৈষম্য রয়েছে। শিক্ষকদের মানোন্নয়ন ছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি মেধাবী ও দক্ষদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয়করণ না হওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাব্যবস্থাকে আধা-সরকারি ঘোষণা, সরকারি শিক্ষকদের সমান বেতন-ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া, পেনশন ব্যবস্থা চালু এবং জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন। একই সাথে বেসরকারি কলেজ শিক্ষকদের পদোন্নতি ও বদলি প্রথা চালু এবং উচ্চতর ডিগ্রির জন্য উচ্চতর বেতন স্কেল দেয়ার দাবিও জানানো হয়।
এ ছাড়া স্বতন্ত্র শিক্ষা সার্ভিস কমিশন গঠন, স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত একাডেমিক পরিদর্শন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি প্রতিষ্ঠানের অনুরূপ ব্যবস্থাপনা চালুর দাবি জানানো হয়।
অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তি এবং প্রয়োজনের ভিত্তিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদনের দাবিও জানান শিক্ষক নেতারা।
সম্মেলনে ইউনেস্কো ও আইএলওর ১৯৬৬ সালের ‘শিক্ষক সনদ’ বাস্তবায়নের দাবি জানানো হয়। শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালনে শিক্ষকদেরও আরো নিষ্ঠাবান ও গবেষণামুখী হতে হবে। সম্মেলনে বাকশিস ও বিপিসির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।