আইজি প্রিজন্সের পদ এক মাস ধরে শূন্য

বিশেষ সংবাদদাতা

Advertisement

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সেনাবাহিনীতে ফিরে যাওয়ার প্রায় এক মাস পার হলেও এ পদে নতুন কাউকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়নি। তার বিদায়ের পর নতুন আইজি প্রিজন্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলেও একই দিন তা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল ভারপ্রাপ্ত আইজি প্রিজন্সের দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদফতর সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তৎকালীন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছিল। একই আদেশে লেফট্যানেন্ট কর্নেল মো: সাইদুল ইসলামকে কর্নেল পদে পদোন্নতি দিয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেয়া হয়। তবে প্রজ্ঞাপন জারির পরদিন তা বাতিল করে অপর প্রজ্ঞাপন জারি করে একই শাখা। আদেশ বাতিলের পর থেকে গতকাল পর্যন্ত পদটি শূন্যই রয়ে গেছে। কারা অধিদফতরের একাধিক সূত্র নিশ্চিত করেছে,  সাবেক আইজি প্রিজন্স সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন গত ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব বুঝিয়ে দেন। পরে তাকে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। দায়িত্ব হস্তান্তর শেষে তিনি সেনাদফতরে ফিরে যাওয়ার পর থেকে কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল ভারপ্রাপ্ত হিসেবে কারা অধিদফতরের দৈনন্দিন ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করছেন।কারা অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই নতুন আইজি প্রিজন্স নিয়োগ দেয়া হতে পারে। পাশাপাশি একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, নতুন কারা মহাপরিদর্শক দায়িত্ব নেয়ার পর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে ‘কারা কনসালট্যান্ট’ নামে নতুন একটি উপদেষ্টা পদ সৃষ্টির প্রক্রিয়াও বিবেচনাধীন।