
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে একই দিনে পৃথক দু’টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ডেগেরচালা এলাকায় মেট্রিক্স স্টাইল গার্মেন্টের একটি আটতলা ভবনে আগুন লাগলে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ভবনটির বিভিন্ন তলা ও ছাদে আটকা পড়া ৬৯ জন শ্রমিক-কর্মচারীকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেলে টঙ্গীর পাগাড় এলাকায় অপর একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টা ৪৪ মিনিটের দিকে ডেগেরচালা ফকির মার্কেট-সংলগ্ন আটতলা গার্মেন্ট ভবনটির তৃতীয় তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক দেখা দেয়। অনেকেই প্রাণ বাঁচাতে দ্রুত ভবনের ছাদে আশ্রয় নেন।
সংবাদ পাওয়ার পরপরই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন, কোনাবাড়ী, গাজীপুর সদর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট একযোগে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের সিঁড়ি এবং বিশেষ ল্যাডার ব্যবহার করে ছাদে ও বিভিন্ন তলায় আটকে পড়া মোট ৬৯ জন শ্রমিক-কর্মচারীকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। সময়মতো উদ্ধার করার ফলে এ ঘটনায় প্রাণহানি বা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ কাজের তদারকি করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মো: সালেহ উদ্দিন। তিনি জানান, এলাকাটিতে তীব্র পানির সঙ্কট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে আশপাশের বহুতল ভবনের ভূগর্ভস্থ জলাধার (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার) থেকে পানি এনে ফায়ার সার্ভিসের গাড়িগুলোতে সরবরাহ করা হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনাস্থলের রাস্তাগুলো অত্যন্ত সরু হওয়ায় উঁচু ভবনে আগুন নেভানোর বিশেষায়িত ল্যাডার ও পানিবাহী গাড়ি পৌঁছানো ঝুঁকিপূর্ণ ছিল। তা সত্ত্বেও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রচণ্ড তাপ ও ধোঁয়ার মধ্য দিয়ে কৌশলে ভবনের গভীরে পৌঁছে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ভবনের ভেতরে বিভিন্ন স্থানে আগুন ও অতিরিক্ত তাপ আটকে থাকায় ডাম্পিং এবং ডেক্সট্রাকশনের কাজ অব্যাহত রাখা হয়।
এ দিকে একই দিন বিকেল ৪টার দিকে টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া চলছিল। টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলম জানান, গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কর্মীরা কাজ করছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনাতেই আগুনের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত দল গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








