শিক্ষাপ্রতিষ্ঠান দলবাজির ক্যাম্পাস হবে না : সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, প্রযুক্তি, ভাষা শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান হবে মানুষ তৈরির ক্যাম্পাস। দলবাজির ক্যাম্পাস নয়।
গতকাল শনিবার দুপুরে দিনাজপুর সরকারি কলেজের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী বলেন, তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে খেলাধুলাকে পেশা হিসেবে নেয়ার পরিবেশ তৈরি করতে হবে। আনন্দঘন পরিবেশে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী বিকাশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো: নাজমুল হোসাইন, জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: জেদান আল মুসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisement