মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার নৌবাহিনীর
বাংলাদেশ নৌবাহিনী অবৈধভাবে বোটে মালয়েশিয়াগামী ৬৫ জনকে উদ্ধার ও ১১ দালালকে আটক করে : নয়া দিগন্ত।

 কক্সবাজার অফিস 

Advertisement

সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে সেন্টমার্টিন্স উপকূলের সমুদ্র থেকে একটি বোটসহ ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ওই বোট থেকে ১১ জন মানবপাচারকারী দালালকেও আটক করা হয়। গত বৃহস্পতিবার নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ সেন্টমার্টিন্স দ্বীপের অদূরে সাগরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। 
নৌবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেন্টমার্টিন দ্বীপ লাইট হাউজ থেকে  প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামক একটি বোট সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় অপর একটি ভাসমান কাঠের বোটকে দেখতে পায়। পরে তারা ভাসমান বোটটিকে সহায়তা করার উদ্দেশ্যে এগিয়ে গেলে বোটটির কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি এফভি ক্রিস্টাল-১ থেকে তাৎক্ষণিকভাবে নৌবাহিনীকে অবহিত করা হয়। এ সময় সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান বোটটিকে উদ্ধার করে। বোটটিতে পানি প্রবেশ করতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ভাসমান বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য দেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বোটটি থেকে উদ্ধারকৃত ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করে আটক করা হয়। অন্য ৬৫ জন সাগরপথে মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের অধিকাংশই পাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় আটক ছিল। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে বোটে নেয়া হচ্ছিল। আটক ব্যক্তি ও জব্দকৃত বোটটি টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
এতে আরো বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর এ  অভিযানের মাধ্যমে মানব পাচারকারী চক্রের সদস্যদের আটক করার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে বোটে পানি প্রবেশ করায় এতে অবস্থানরত যাত্রীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছিল।