সংক্ষিপ্ত সংবাদ

দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ডাকবাংলা মাঠে সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিক্যাল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সহযোগিতায় এর আয়োজন করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজ, কৃষক দলের ইমরুল কায়েস সাজু ও মতিউর রহমান মতি, যুবদলের মোজাফফর রহমান, ইটভাটা মালিক সমিতির সভাপতি ইব্রাহিম সরকার, সম্পাদক বেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন এবং ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম বাদল। ক্যাম্পে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. সিদ্দিকুর রহমান, ডা. লুৎফুর কবির চৌধুরী, ডা. আসিফ আহমেদ, ডা. আবু সুফিয়ান শাহ, ডা. মিথুন, ডা. শাহরিয়ার হোসেনসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা দেন। এ আয়োজনে প্রায় ৫২০ জন রোগীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চেকআপ, ওজন পরিমাপসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা।

Advertisement

পাগলা কুকুরের কামড়ে আহত ১৫
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকিপাড়া ও টুংরাপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন গ্রামবাসী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে আলিক, সাবিদ, সাজু, চাদর, কাউসার, নাজমুল, রাবিয়া, মুশফিক ও শহীদ ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। বাকিরা পাশের বকশিগঞ্জ ও শেরপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী শহীদ জানান, সকালে হঠাৎ একটি পাগলা কুকুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে ক্ষতবিক্ষত করেছে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম ও বিএনপি নেতা মিস্টার আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ৯ জনকে চিকিৎসা দেয়ার তথ্য নিশ্চিত করেছে। কুকুরের আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জামালপুর প্রতিনিধি।

সিংড়ায় ৮ম উপজেলা স্কাউট সমাবেশ
নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। উদ্বোধন শেষে প্রধান অতিথি স্কাউট দলের মনোজ্ঞ ডিসপ্লে ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। জানা যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ দাস, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, ছাত্রদল নেতা কাজল সরকার, স্কাউট সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার ফজলুর রহমান টিয়া। পাঁচ দিনব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী, ২৫ জন স্বেচ্ছাসেবক ও ২০ জন ইউনিট লিডার অংশ নিচ্ছেন। মাঠে তাঁবু খাটিয়ে ১৬টি স্কাউট ও ৪টি গার্ল ইন স্কাউট দল অবস্থান করছে। সিংড়া (নাটোর) সংবাদদাতা।

জামায়াতের উদ্যোগে ঘর ও ছাগল উপহার
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক অসহায় পরিবারকে একটি নতুন বসতঘর ও কর্মসংস্থানের জন্য ছাগল হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌরসভার বালীগাঁও এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো: খায়রুল হাসান। স্থানীয় বাসিন্দা হানিফা নামের এক শারীরিক অক্ষম ব্যক্তির জরাজীর্ণ ঘরটি বসবাসের উপযোগী করে নির্মাণ করে দেয় সংগঠনটি। এতে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান ও নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের দায়িত্ব হলেও তা বাস্তবায়ন হয়নি। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ উপহার দেবে। উপকারভোগীরা উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন। কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা।

শিশুকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা
ঝালকাঠির রাজাপুরে ছয় বছরের এক শিশুকে মারধরের পর খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে লতিফ মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো: রুবেল হোসেন রাজাপুর থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাটাখালি খালে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু আরাফাতসহ কয়েকজন খালে সাঁতার কাটছিল। লতিফ তাদের গালিগালাজ করে উঠতে বললে অন্যেরা উঠলেও আরাফাত দেরি করায় তাকে মারধর ও পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে ফেরিওয়ালা দুলাল প্রামাণিক মাইকিং করে স্থানীয়দের ডাকলে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি হুমকি দিয়ে পলাতক রয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। ঝালকাঠি প্রতিনিধি।

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- বেলায়েত হোসেন, আনোয়ার হোসেন এবং স্থানীয় আলাউদ্দিন ওরফে মামুন। আসামি মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ ও বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ সূত্র জানায়, মহাসড়কে ডাকাতদের উপদ্রব বাড়ায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ফাঁদ পাতা হয়। সেখানে ১৪-১৫ জনের একটি দল অবস্থান নিলেও পুলিশ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ছোরা, একটি রামদা ও সাতটি মুখোশ উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পালিয়ে যাওয়া বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

ছয় শতাধিক গাছের চারা বিতরণ
পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ‘আল ফুদুল ফাউন্ডেশনে’র উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৬ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা মাহমুদিয়া মাদরাসা, গোয়ালতা হাফিজিয়া মাদরাসা, বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব ফলদ ও ভেষজ চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে আম, মাল্টা, কাঁঠাল, লেবু, কমলা ও আমড়া অন্যতম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: জামিনুল হক, সদস্য বাদল খান, মাদরাসার সুপার মাওলানা আবু হানিফ ও প্রধান শিক্ষক জাহানারা খাতুন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টির চাহিদা মেটাতে শিক্ষার্থীদের রোপণ করা গাছের নিয়মিত যতœ ও সঠিকভাবে পরিচর্যা করার বিশেষ আহ্বান জানান। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

জাতীয়তাবাদী মহিলা দলের কর্মিসভা
ফরিদপুরের ভাঙ্গায় সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে মহিলা দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় এবং উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের তত্ত্বাবধানে কালামৃধা ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে  নার্গিস আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবা আক্তার, পারভিন আক্তার, ঋতু আক্তার এবং ইউপি চেয়ারম্যান রিজাউল করিম। ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা।