
হিমালয়ের কোলঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ে ভোরের প্রকৃতিতে নামতে শুরু করেছে শিশির। সবুজ ধানের পাতায় জমে থাকা স্বচ্ছ শিশিরকণা আর হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সম্প্রতি সকালে দেবীগঞ্জ উপজেলার বিলাসী এলাকায় দেখা যায় মনোমুগ্ধকর এমন রূপ। ধানের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশির সূর্যের কোমল আলোয় চিকচিক করছে। ঘাসের ডগা আর গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দু পুরো প্রকৃতিকে সাজিয়ে তুলেছে নতুন সাজে। ভোরের মৃদু ঠাণ্ডা বাতাস ও শান্ত পরিবেশ মিলে তৈরি করেছে এক মায়াবী আবহ। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সকালের আবহাওয়ায় শীতের আমেজ স্পষ্ট। শিশিরভেজা সবুজ ধানক্ষেতের এ রূপ যেন প্রকৃতিতে শীতের আগাম সুর বাজিয়ে দিচ্ছে। দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








