
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
লাউ চাষ করে লাভের আশায় স্বপ্ন দেখছিলেন কৃষক মো: রেজাউল করিম। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা তার জমিতে ঢুকে লাউগাছ কেটে দেয়ায় সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করছেন।
গত ২৯ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেজাউল করিম ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পদুমহার মৌজায় প্রায় ৭০ শতক বন্ধকী জমিতে লাউ চাষ করেছিলেন রেজাউল করিম। সবে মাত্র গাছে ফলন আসতে শুরু করেছিল। গত ২৯ সেপ্টেম্বর রাতে কে বা কারা জমিতে ঢুকে গাছগুলো সব কেটে দেয়। পরদিন ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে জমিতে গিয়ে বিষয়টি দেখতে পান তিনি।
রেজাউল করিম বলেন, গাছ কেটে দেয়ায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, লাউগাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








