
সিলেট ব্যুরো
সিলেটে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম রোগী ভর্তি অব্যাহত রয়েছে। এ সময়ে নতুন করে আরো ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৯ জনে।
শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, বৃহস্পতিবার কাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
নতুন ভর্তি ১৪৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২, উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩, নর্থইস্ট মেডিক্যাল হাসপাতালে ৪, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৮৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩০, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, নর্থইস্ট মেডিক্যাল হাসপাতালে ৪, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪, কোম্পানীগঞ্জে ৩, বিশ্বনাথে ২, বিয়ানীবাজারে ৩, গোলাপগঞ্জে ৪, ফেঞ্চুগঞ্জে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৩, ধর্মপাশায় ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৮ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত হাম ও উপসর্গে ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন।
সেপ্টেম্বর মাসে হাম ও উপসর্গে ২৯ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম দিনেই একজনের মৃত্যু হলেও দ্বিতীয় দিনে এসে মৃত্যুহীন দিন কাটল সিলেট বিভাগে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








