ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্মারক ব্যালন ডি’অর
ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্মারক ব্যালন ডি’অর। সংগৃহীত

কার হাতে উঠছে ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্মারক ব্যালন ডি’অর? উত্তর মিলবে আর মাত্র তিন দিন পর। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সম্ভাব্য বিজয়ীর দৌড়ে খানিকটা আভাস পাওয়া গেল। একটি বিশেষ ভোটাভুটিতে শীর্ষে উঠে এসেছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।

Advertisement

আগামী ২৬ অক্টোবর জানা যাবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। তার আগে আরব বিশ্বের জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট কুয়োরা আয়োজন করেছে একটি বিশেষ ভোটাভুটির। এতে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির ১৫ সম্পাদক।

তাদের ভোটে ১৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ইয়ামাল। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনের পয়েন্ট ১৬২। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ইয়ামালের শীর্ষে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছে প্রথম পছন্দের ভোট। ১৫ সম্পাদকের সাতজনই তাকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় পছন্দ থেকেও পয়েন্ট পেয়েছেন বার্সেলোনার এই তরুণ। সব মিলিয়ে ১৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে জায়গা করে নিয়েছেন তিনি।

দ্বিতীয় পছন্দের ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কেইন। তাতে তার পয়েন্ট বেড়েছে ঠিকই, তবে ইয়ামালের সাথে ব্যবধান কমানোর জন্য তা যথেষ্ট হয়নি। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা এমবাপ্পেও ইয়ামালের চেয়ে বেশ পিছিয়ে।

তালিকায় এরপরই মেসি। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্জেন্টাইন কিংবদন্তি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার পর আছেন খভিচা কাভারাৎসখেলিয়া ও ফাবিয়ান রুইজ। কাভারাৎসখেলিয়ার পয়েন্ট ২২, রুইজের ১৫।

কুয়োরার এই ভোটে প্রত্যেক সম্পাদক তিনজন খেলোয়াড়কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। প্রথম পছন্দের জন্য ১৫, দ্বিতীয় পছন্দের জন্য ১২ ও তৃতীয় পছন্দের জন্য ১০ পয়েন্ট বরাদ্দ ছিল। তিন ধাপের ভোটের পয়েন্ট যোগ করেই তৈরি করা হয়েছে চূড়ান্ত তালিকা।

তবে এই ভোটের সাথে আনুষ্ঠানিক ব্যালন ডি’অর ভোটের সরাসরি কোনো সম্পর্ক নেই। কুয়োরার সম্পাদকদের এই পছন্দ মূল পুরস্কারের ফলাফলেও কোনো প্রভাব ফেলবে না। 

ফলে ইয়ামাল এই তালিকায় এগিয়ে থাকলেও ২৬ অক্টোবরের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না, শেষ পর্যন্ত ব্যালন ডি’অর উঠছে কার হাতে।