
চট্টগ্রাম ব্যুরো
মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। অভিযানে ১৭ হাজার ১৮৮টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার অভিযান ও নিয়মিত কার্যক্রমের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৩ জন, পরোয়ানামূলে ৬৫ জন এবং সাজা পরোয়ানামূলে ১২ জন রয়েছেন। মাদক মামলায় ৪৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরো ৪৩ জনকে গ্রেফতারের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে এবং চার হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সংক্রান্ত মোট ৩০টি মাদক মামলাও করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ১৮৮টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ১৭ লিটার চোলাই মদ, ৯৬ বোতল ফেনসিডিল সিরাপ, ছয় বোতল বিদেশি মদ এবং দু’টি ট্যাপেন্টাডল ট্যাবলেট।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








