ডাক্তার-ইঞ্জিনিয়ার বড় কথা নয়, হতে হবে ভালো মানুষ : হাসনাত আব্দুল্লাহ এমপি

 দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সবাইকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়, তবে কেউ মাদকাসক্ত, দুর্নীতিগ্রস্ত বা অপরাধী হতে পারবে না। পছন্দের যেকোনো পেশায় গিয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্যারিয়ার যে ক্ষেত্রেই হোক, পড়াশোনার মাধ্যমে এগোতে চাইলে কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ। এ সময়টুকু কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথ উন্মুক্ত হবে। নিজের বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি মা-বাবার প্রতিও শিক্ষার্থীদের অপরিসীম দায়িত্ব রয়েছে। মনে রাখতে হবে, তারা জীবনের শ্রেষ্ঠ সময় নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে ব্যয় করেন।
দেবিদ্বারে কিশোর গ্যাং ও অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি কয়েকজন কিশোরকে অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। ভালো কাজের খবর তাকে গর্বিত করবে। তবে অপরাধ করলে নিজের এলাকার বা বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও কোনো ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, ‘তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কী হতে চাও। সেই পথ তোমাকেই নির্ধারণ করতে হবে।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীরসহ সাবেক শিক্ষকরা উপস্থিত ছিলেন।