
সিলেট ব্যুরো
সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত শিক্ষার প্রসারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রবাসে সিলেটের সন্তানরা শীর্ষে থাকলেও দেশে শিক্ষা সূচকে পিছিয়ে থাকাটা উদ্বেগজনক। গতকাল সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে জানান, দেশে গড় সাক্ষরতার হার ৭৪ শতাংশ হলেও সিলেট বিভাগে তা সর্বনিম্নে ৬৯.৪ শতাংশ। অবকাঠামো ও ফলাফলের দিক থেকেও সিলেট ৮ম স্থানে রয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, ২০ বছর আগের তুলনায় প্রশাসনে সিলেট অঞ্চলের শীর্ষ কর্মকর্তার উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমেছে। সিলেটবাসীর মেধার অভাব নেই, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও সঠিক শিক্ষা।
শিক্ষার্থীদের পঠন ও গাণিতিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার প্রায় ৪৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে, যা ডিপিপি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্ত্রী নিশ্চিত করেন। তিনি ইট-পাথরের অবকাঠামোর চেয়ে দক্ষ শিক্ষক, অভিভাবকের সচেতনতা, নারী শিক্ষকদের পদায়ন জটিলতা নিরসন ও স্কুলে ‘মিড-ডে মিল’ চালুর ওপর জোর দেন। সিলেটের যুবসমাজকে আন্তর্জাতিক মানের করতে কারিগরি শিক্ষা ও প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে মন্ত্রী ঘোষণা দেন, বহির্বিশ্বের সহযোগিতায় সিলেটে একটি সর্বাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার সাথে যৌথ উদ্যোগে আগামী দুই সপ্তাহের মধ্যে এর কাজ ত্বরান্বিত হবে।
শিল্প সচিব আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ করা হয়।








