ডিবি হারুনের সাথে যোগাযোগ রাখতেন ওসি রাকিবুল

 আব্দুল কাইয়ুম

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো: রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাকিবুলকে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার সাথে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সাথে যোগাযোগ রয়েছে। দেশবিরোধী আলোচনাও করতেন। বর্তমান পুলিশের অবস্থানের কথা উল্লেখ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, রাকিবুল ওসির চেয়ারে বসে ওপারে পলাতক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করতেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে কয়েকজন নিষিদ্ধ দলের নেতার সাথে তিনি নিয়মিত যোগাযোগ রেখেছেন। শুধু যোগাযোগই নয়, পুলিশের ভেতরের খবর এবং সার্বিক পরিস্থিতি ও নিষিদ্ধ দলের কার্যক্রমের বিষয়েও মুখ খুলতে শুরু করেন। 
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিওর নেপথ্যে উন্মোচিত হয়েছে রাষ্ট্রদ্রোহের গভীর চক্রান্ত, পুলিশ প্রশাসনে অবাধ পোস্টিং বাণিজ্য এবং কোটি কোটি টাকার দুর্নীতির বিস্ফোরক চিত্র। রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট থানার সদ্য বরখাস্ত হওয়া সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো: রাকিবুল হাসানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে দাখিলকৃত সরকারি নথিপত্র এবং পুলিশের রিমান্ড আবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে সাবেক এই ওসির পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।গতকাল ছিল রিমাণ্ডের দ্বিতীয় দিন। 
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তে গ্রেফতারকৃত আসামি মো: রাকিবুল হাসান এই মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তিনি রাষ্ট্রের ভাবমর্যাদা ক্ষুণœ করা, সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সরকার পতনের চক্রান্তের সাথে জড়িত ছিলেন। 
এই বিষয়ে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ওসি রাকিবুলকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য সামনে এসেছে। তার দেয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষ করা হলে আমরা বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাব।