
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে আটজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টার থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৩২ জন। চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট মৃত্যু হয়েছে ২১৯ জন।
ডেঙ্গুতে যে আটজনের মৃত্যু হয়েছে তাদের পাঁচজনই খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে একজন এবং ঢাকার সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের চারজন পুরুষ ও চারজন নারী। বাকিরা প্রাপ্ত বয়স্ক। এর মধ্যে একজন ৬৫-এর বেশি বয়সী বৃদ্ধ।
এ বছর গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট সারা দেশে ৭১ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে। এর মধ্যে ৬৬ হাজার ২৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ২৮০ জন। ঢাকা সিটি করপোরেশনের ভেতরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৭৬ জন। গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ২৪১ জন ভর্তি হয়েছিল। এ ছাড়া বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন। রংপুর বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫৩ জন; কিন্তু সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি বলে স্বাস্থ্য অধিদফরের বিজ্ঞপ্তিতিতে জানানো হয়েছে।
সারা দেশে ডেঙ্গুতে যে ২১৯ জনের মৃত্যু হয়েছে সেখানে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ৬৬ জন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ২৬ জন এবং ঢাকা সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে খুলনা বিভাগে মারা গেছে ৪২ জন, বরিশাল বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে বিভাগে ২১ জন, রাজশাহীতে ১০ জন, রংপুর বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।








