
নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৪ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮৩ জন আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশে নতুন করে এক হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।
একই সময়ে ল্যাব পরীক্ষায় ৬৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ১৫ জন হামে আক্রান্ত বলে শনাক্ত হলো। স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭৩ জন মারা গেছে। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৮, বরিশালে ৬০, খুলনায় ৪৩ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম ও উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী শিশু তাইবা মারা যায়। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৯ জন।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৫ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।
নতুন ভর্তি রোগীসহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬২৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭৫ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থইস্ট হাসপাতালে পাঁচজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ১৭ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, বিশ্বনাথে তিনজন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ১৭ জন, ফেঞ্চুগঞ্জে দুইজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৩ জন, ধর্মপাশায় একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণকারী ৬ মাস বয়সী তাইবা হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। নতুন এ মৃত্যুতে চলতি বছর বিভাগে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬ জন। এর সাথে নিশ্চিত হাম রোগে মারা যাওয়া ১০ জন যোগ হয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭৬ জনে। জেলা হিসেবে এ পর্যন্ত সিলেটে ৬৯, হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








