
পেশাদার ক্যারিয়ারে হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়ার পথে ক্রিশ্চিয়ানো রোনালদো আরো এক ধাপ এগিয়ে গেছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেফৎচি ফারগোনার বিপক্ষে গোল করে সেই কাউন্টডাউন আরো ছোট করেছেন পর্তুগিজ মহাতারকা।
সোমবার রাতে রিয়াদের আল আউয়াল পার্কে নেফৎচি ফারগোনাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। জয়ের পথে ৪১ বছর বয়সী রোনালদো করেছেন দলের দ্বিতীয় গোলটি। এটি তার ক্যারিয়ারের ৯৮১তম গোল। হাজারের মাইলফলক থেকে এখন দূরত্ব মাত্র ১৯।
ম্যাচ শুরুর আগেই অবশ্য তৈরি হয়েছিল অনিশ্চয়তা। রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায় খেলা। শেষ পর্যন্ত মাঠে গড়ানো ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর।
৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। নয় মিনিট পর আইমান ইয়াহিয়ার সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে নেফৎচি। ৫১ মিনিটে আলিশার ওদিলোভ গোল করে ব্যবধান কমান। তবে ৬৫ মিনিটে ইকরোমজোন আলিবায়েভ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় নেফৎচি।
গোল সংখ্যায় এগিয়ে থাকা আল নাসর এরপর আরো নিয়ন্ত্রণ নিয়ে খেলে। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল নাসর।
তবে দলের জয় ছাপিয়ে রাতটি রোনালদোর জন্য আলাদা গুরুত্বের। ৪১ বছর বয়সেও গোলের ধারায় থাকা এই তারকা ক্লাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেয়েছেন। হাজার গোলের পথে তার কাউন্টডাউন এখন ১৯।
জাতীয় দল ঘিরে সাম্প্রতিক বিতর্কের মাঝেও ক্লাবের হয়ে মাঠে নিজের কাজটা করে যাচ্ছেন রোনালদো। পর্তুগাল দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় সাময়িক নিষেধাজ্ঞার আলোচনার মাঝেও গোল করে চলেছেন তিনি। যা তার হার না মানা প্রত্যয়ের কথাই বলে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








