অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে : ড. আমানুল্লাহ


কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। গতকাল সকালে কলেজটি পরিদর্শনে গিয়ে তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে কলেজে একটি ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশনা দেন। 
ড. আমানুল্লাহ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমে যুক্ত করা হবে। 
জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরো সহজ,  দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে।
সেশনজট কমানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরে ভিসি বলেন, এখন মাত্র ২৭ কর্মদিবসে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি বড় অর্জন। কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দফতরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ মতবিনিময় সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।