স্বাস্থ্য অধিদফতর
স্বাস্থ্য অধিদফতর সংগৃহীত

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একইসাথে সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত বিদ্যমান কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রাকটিস করতে পারবে না।

এ বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর একটি অফিস আদেশ জারি করেছে। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকগুলো শাখার পরিচালক ডা: মো: নুরুল ইসলাম এতে স্বাক্ষর করেন।

অফিস আদেশে বলা হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর ক্রমিক নম্বর-৩-এ গৃহীত সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সিদ্ধান্তটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরকে অবিলম্বে লিখিতভাবে অবহিত করতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। বাসস