হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ২

 নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ঢাকা বিভাগে অন্যজন খুলনা বিভাগে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪৯ জন। এর মধ্যে এক হাজার ২৫৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৯২ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭৬ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে এক হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৬৪ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৮২ হাজার ২৯২ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২০ হাজার ৭৩৮ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ তিন হাজার ৩০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬০ হাজার ৯৮০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৫৪ হাজার ৫১০ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৪৯৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭২, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৬, বরিশালে ৭৯, খুলনায় ৪১ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
সিলেটে নতুন ভর্তি ১৬৮
সিলেট ব্যুরো জানায়, হামও উপসর্গে ফের মৃত্যুহীন একদিন পার করেছে সিলেট বিভাগ। সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরো ১৬৮ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে।
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে উপসর্গ নিয়ে ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।