কপ৩১ সামনে রেখে তরুণ জলবায়ুকর্মীদের ২০ দফা সনদ প্রকাশ

 বিশেষ সংবাদদাতা
তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’কে কেন্দ্র করে দেশের জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের মূল দাবিগুলো জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ২০ দফা সনদের একটি ‘যুব জলবায়ু অবস্থানপত্র ২০২৬’ প্রকাশ করেছেন শতাধিক তরুণ জলবায়ুকর্মী। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এই সনদ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। একই সাথে এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
একশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স আয়োজিত এ বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘প্যারিস থেকে আনতালিয়া: এক দশকের জলবায়ু প্রতিশ্রুতি ও বাস্তবতা’। প্রকাশিত ২০ দফা সনদে জলবায়ু প্রশমন, স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন, পরিবেশগত ক্ষয়ক্ষতি ও ন্যায়সঙ্গত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু শিক্ষা, জেন্ডার সমতা এবং নীতিনির্ধারণে তরুণদের নেতৃত্বের মতো ৭টি মূল ক্ষেত্রকে গুরুত্ব দেয়া হয়েছে।
দেশের ৬৪ জেলার তরুণদের পাশাপাশি বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সরাসরি অভিজ্ঞতা, ফোকাস গ্রুপ আলোচনা ও ৭টি সুনির্দিষ্ট সঙ্কটাপন্ন এলাকার ভুক্তভোগীদের মতামতের ভিত্তিতে সনদটি প্রস্তুত করা হয়। এতে ৬টি ঝুঁকিপূর্ণ ক্লাস্টারের ৩ বছরের গবেষণার তথ্যও যুক্ত রয়েছে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ‘ফেসিং দ্য ফ্রন্টলাইনার্স’ আলোচনা, শিশুদের অংশগ্রহণে বিশেষ টকশো এবং ১৯ জন তরুণ ফেলোর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক জলবায়ু দরকষাকষির ছায়া অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ক্ষয়ক্ষতি, জলবায়ু অর্থায়ন ও কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা করা হয়। সমাপনী পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, ‘একা সরকারের পক্ষে এই সর্বগ্রাসী সঙ্কট সামাল দেয়া অসম্ভব। পরিবেশ রক্ষায় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে তরুণরাই হতে পারে সবচেয়ে বড় প্রহরী।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী এহসানুল হক এবং মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ জোর দিয়ে বলেন, বর্তমান সিদ্ধান্তগুলো তরুণদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের úৃক্ততা জরুরি। একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্বমঞ্চে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Advertisement