
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনে ভোটারদের আঙুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।‘
শনিবার (১০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
নগরকান্দার ইউএনও রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এহিয়াতুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবলু।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ল্যাপটপ দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরকান্দা উপজেলার ৬২টি পূজামণ্ডপে জিআর প্রকল্পের আওতায় প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








