
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাফিজ জমাদার গ্রামের গোলবক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং (ইউসিটিসি)-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন আব্দুর রহিম বলেন, ‘মুজাহিদুল ইসলাম নাফিজরা সপরিবারে চট্টগ্রাম শহরে থাকেন। দুই দিন আগে তারা গ্রামের বাড়িতে ঘুরতে আসেন। যোহরের নামাজ জামাতে আদায় করার জন্য নাফিজ গোসল না করে নামাজ আদায় করে ফেলে। নামাজ শেষে দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে নেমে পা পিছলে পড়ে যায়।’
তিনি আরো বলেন, ‘সাঁতার না জানার কারণে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’
এ বিষয়য়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








