পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির সমাপনী বক্তব্যে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির সমাপনী বক্তব্যে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার। সংগৃহীত

আসামি গ্রেফতারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনীর বিধান পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার। 

Advertisement

তিনি বলেন, নিরপরাধ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায়, তা নিশ্চিত করতে হবে। 

তদন্তকাজে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সভাপতির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনফারেন্সে দ্রুত ও সঠিকভাবে মামলা নিষ্পত্তি, তদন্তের মান উন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করা, জখমি সনদ ও ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ এবং আদালতের নিরাপত্তাসহ বিচারপ্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সমাপনী বক্তব্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, তদন্তকাজে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতা করতে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান বাধ্য। কেউ অসহযোগিতা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যার ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে, তা আন্তরিকতার সাথে পালন করাই দেশপ্রেমের পরিচয়।

কনফারেন্সের শুরুতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ফোকাল পারসন মো: মহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, দ্রুত মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

ফৌজদারি কার্যবিধির সংশোধনী বিষয়ে আলোচনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আলমগীর হোসেন। তিনি সংশোধিত আইনের বিধান অনুসরণ করে আসামি গ্রেফতার থেকে শুরু করে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বিভিন্ন দিক তুলে ধরেন।

চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো: হাসান ইকবাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহম্মদ ও সাধারণ সম্পাদক মো: মাইনুদ্দিন, মহানগর পাবলিক প্রসিকিউটর মো: মফিজুল হক ভূঁইয়া, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো: আমিন উদ্দিন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দফতরের প্রতিনিধি, চট্টগ্রাম মহানগর এলাকার ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস