
ফেনী অফিস
বিশ্ব শান্তি দিবসে ফেনীকে সন্ত্রাস, সহিংসতা মুক্ত শান্তির জনপদ হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিভিন্ন দলের নেতারা। ‘শান্তিতে বিনিয়োগ করুন, সবার জন্য, সর্বত্র ও প্রতিদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ফেনী সদরের আয়োজনে মঙ্গলবার সম্প্রীতির মঞ্চে ঐক্যবদ্ধ হন জেলার বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠন, ধর্মীয় নেতারা। এ সময় তারা হাতে হাত রেখে উপস্থিত নাগরিকদের সম্মুখে শান্তির পক্ষে সব সময় ঐক্যবদ্ধ থাকার শপথ করেন।
তারা বলেন, ‘এক সময়ে ফেনীকে বলা হতো সন্ত্রাসের জনপদ। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে খুন, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, লুটপাট, এমন কোনো অপকর্ম নেই যা এখানে হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর তৎকালীন সরকার দলীয় সেই সন্ত্রাসী ক্যাডাররাও পালিয়ে যায়। আমরা আর অতীতে ফিরে যেতে চাই না। এ জনপদকে শান্তির জনপদে রূপান্তর করতে চাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের যে প্রান্তে যাই হোক না কেন ফেনীকে সন্ত্রাসমুক্ত রাখতে পারব, দুর্বৃত্তায়নমুক্ত রাখতে পারব, সহিংসতা মুক্ত রাখতে পারব। মূলত রাজনীতিবিদদের তথা সরকারি দল ও বিরোধী দলের সদিচ্ছা থাকলে ফেনীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সবার একটাই শপথ হোক, আমরা শান্তির ফেনী গড়তে চাই। সুন্দর একটা ফেনী গড়তে সব সময় ঐক্যবদ্ধ থাকতে চাই।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পিএফজি আঞ্চলিক কো-অর্ডিনেটর ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, এনসিপির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, বাসদ জেলা সাধারণ-সম্পাদক মালেক মনসুর, ভাসানী ন্যাপ জেলা সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, এবি পার্টির নেত্রী জাহানারা আক্তার মনি, ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আ ন ম আবদুর রহিম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূইয়া, নারী নেত্রী নূর তানজিলা রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, ও ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।
পিএফজি ফেনী সদর উপজেলা কো-অর্ডিনেটর মোরশেদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, এবি পার্টির সদস্যসচিব ফজলুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমির কর ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দুধর্মীয় পুরোহিত নারায়ণ চক্রবর্তী ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধি সুধির সরকার প্রমুখ।








