
পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে প্রাথমিক সম্মতি দেয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরে এ কর্মসূচি পালন করা হয়।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী হাজারো নেতাকর্মী শহরের তিতাস মোড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন, অ্যাডভোকেট মহসীন উদ্দিন, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, সাইদুর রহমান তালুকদার, আব্দুর রহমান খন্দকার, আব্দুল লতিফ তালুকদার, ইউপি চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, আব্দুস সালাম মৃধা, মো: মনিরুজ্জামান টিটো, সাবেক ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান, মহিলা নেত্রী জেসমিন জাফর, গোলাম মাওলা মিঠুলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।
উল্লেখ্য, ১৮৯২ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালী পৌরসভাটি প্রায় ২৬ বর্গকিলোমিটার আয়তনের। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটি বর্তমানে ‘এ’ শ্রেণির পৌরসভা। এখানে ভোটার সংখ্যা ৫৫ হাজারের বেশি।
গত ৯ সেপ্টেম্বর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি ডিও লেটার দেন। প্রধানমন্ত্রী প্রস্তাবটি আমলে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পটুয়াখালীর নাগরিক সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রা আরো গতিশীল হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








