বিসিআই, বিনিয়োগ, হালাল পণ্য
অনুষ্ঠানে অতিথিরা। বাসস

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেছেন, অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই বিদ্যমান ব্যবস্থাকে পুনর্বিন্যাসের মাধ্যমে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে প্রয়োজন যথাযথ হালাল সনদ ও প্রয়োজনীয় আন্তর্জাতিক স্বীকৃতি।

Advertisement

শনিবার রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্পের গুরুত্ব অপরিসীম। শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জার্নালের বিষয়বস্তু ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এর উপদেষ্টা সম্পাদক শিরাজুল ইসলাম কাদির।

পরে বিসিআই সভাপতি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে জার্নালের কপি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিপিজিএমইএর সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএর সভাপতি মো: শাহরিয়ার, বারভিডার সভাপতি আব্দুল হক এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন।

বক্তারা বিসিআইয়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে রফতানি বহুমুখীকরণের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সভাপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিআইয়ের সাবেক সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্য, অর্থনীতিবিদ, গবেষক, বাণিজ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

শেষে বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সূত্র : বাসস