লিভার ট্রান্সপ্ল্যান্টে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

লিভার ট্রান্সপ্ল্যান্টের মতো জটিল ও কঠিন অস্ত্রোপচারে সফলতার দ্বারপ্রান্তে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয় (বিএমইউ) অনেকগুলো লিভার ট্রান্সপ্ল্যান্ট করেছে। এর মধ্যে কমপক্ষে ছয়টি ট্রান্সপ্ল্যান্টের লিভার গ্রহীতা (রেসিপিয়েন্ট) ও দাতা (রিসিভার) দু’জনই সুস্থ আছেন। শুরুতে অন্য একটি দেশের সহায়তায় বিএমইউতে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়। যেগুলোতে বাংলাদেশের সার্জনরা অংশ নিলেও গুরুত্বপূর্ণ অংশের কাজ করে দিয়ে যেতেন বিদেশী ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা। কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টে বর্তমানে বাংলাদেশী সার্জনদের অংশগ্রহণ ৬০ থেকে ৭০ শতাংশ। বাকিটা এখনো বিদেশী সার্জনরা করছেন বলে বিএমইউ বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন। 
আজ মঙ্গলবার মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে কমপক্ষে ছয়টি লিভার ট্রান্সপ্ল্যান্টের অভিজ্ঞতা জানাবেন বিএমইউ প্রশাসন। বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের স্পেশালাইজড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফউল্লাহ মুন্সি নয়া দিগন্তকে বলেন, ছয়টি লিভার ট্রান্সপ্ল্যান্টের সাথে ১২ জন মানুষ থাকেন। একজনের দেহ থেকে লিভার কেটে অন্যজনের দেহে প্রতিস্থাপন করে দিতে হয়। এখানে ১২ জনের কেয়ারই নিতে হয় চিকিৎসকদের। এই ১২ জনকে সুস্থ রাখার জটিল ও কঠিন কাজটি করে থাকেন সার্জন এবং সংশ্লিষ্ট মেডিসিন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত সব লিভার ট্রান্সপ্ল্যান্টই ফ্রি অব কস্ট (বিনামূল্যে) করা হয়েছে। 
তবে সার্জন টিমের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, বিএমইউ প্রশাসন আজ লিভার ট্রান্সপ্ল্যান্টের যে সাফল্যের কথা বলবেন, তাদের মধ্যে ১১ জন বেঁচে আছেন। একজনের মৃত্যু হয়েছে এবং তিনি লিভার গ্রহীতা। এটা এই বিশ^বিদ্যালয়, তথা বাংলাদেশের জন্য গর্বের। একদিন আমরা নির্ভুুলভাবে লিভার ট্রান্সপ্ল্যান্ট করব যেখানে লিভার দাতা গ্রহীতা দু’জনেই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আর বিদেশে গিয়ে অর্ধকোটি টাকা ব্যয় করে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হবে না, মানুষ দেশেই এই সেবা পাবেন। 
জানা গেছে, বিদেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের সাথে বিএমইউর সমঝোতা হয়েছে। এর আলোকে বিএমইউতে ওই দেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জনরা ২০টি ট্রান্সপ্ল্যান্ট করবেন। একই সাথে তারা বাংলাদেশী সার্জনদের ট্রান্সপ্ল্যান্টে অভিজ্ঞ করবেন যাতে নিজেরাই এই জটিল অস্ত্রোপচারটি করতে পারেন।