
দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এ লক্ষ্যে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর উন্মোচন করেছেন ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর লোগো।
শনিবার (১০ অক্টোবর) রাতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজনকে সামনে রেখে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’।
প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে রাতের ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ আসরে অংশ নেবে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। পৃথক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় দলগুলো লড়বে শিরোপা জয়ের জন্য।
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।
এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, এ আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেই প্রচেষ্টাকে আরো বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।
‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর ইমরুল হাসান, অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, দলগত চর্চা এবং ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি করতে পারে। ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ সেই লক্ষ্য সামনে রেখে আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে অংশ নেয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের এমন সুযোগ তাদের জন্য অত্যন্ত গর্বের।
তাদের মতে, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরো শক্তিশালী করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা তৈরিতে অবদান রাখবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








