
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে দায়ের করা মামলায় মো: হাবিবুল্লাহ হাবিব (৩৭) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো: হাবিবুল্লাহ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজার এলাকার চুন্নু মিয়ার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বলেন, মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি হাবিবুল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া অন্য একটি ধারায় তাকে আরো সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি সূত্র জানায়, ২০২১ সালের ১৯ জুন নগরের চান্দগাঁও থানার পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকার মেহরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন ইউনিক বোর্ড মিলের ভেতরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে দু’টি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।







