
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা: মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা এ সময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ ও ফাঁসির দাবি জানিয়ে সরকারের কাছে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন দেয়ার জোর দাবি জানান। এসময় তারা গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মন্টু, আবুল কালাম মোড়ল, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ শ্যামনগর উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা বলেন, মরিয়মের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেয়া যাবে না। মরিয়মের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে তার আত্মহননের প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। একই সাথে মরিয়ম খাতুনের আত্মহননে প্ররোচনাকারী গাজী নজরুল ইসলামসহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ দিকে মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।







