
চট্টগ্রাম ব্যুরো
বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা ফুয়েল সারচার্জ হিসেবে ৯ দশমিক ৮৫ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি করেছে। গতকাল সোমবার থেকেই তা কার্যকর ঘোষণা সংক্রান্ত সার্কুলার জারি করেছে সংগঠনটি।
এ দিকে বার্থ অপারেটরস শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরীও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন কনটেইনার হ্যান্ডলিং চুক্তিদরের সাথে বর্তমানে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য।
গতকাল সোমবার দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, আমাদের সদস্য বার্থ অপারেটররা (কনটেইনার) বিগত ১৯.০১.২০২২ তারিখে ওটিএম পদ্ধতিতে আহ্বানকৃত দরপত্রের অনুকূলে তৎসময়ের জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের বাজারদরের ভিত্তিতে হিসাব-নিকাশ করে দর নির্ধারণ করে দরপত্র দাখিল করেন। কিন্তু এর পর হতে তিন দফায় লিটার প্রতি ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৫ টাকা হয়েছে, যা খুবই অস্বাভাবিক। ফলে আমাদের সদস্য বার্থ অপারেটরদের পক্ষে এই আর্থিক সঙ্কট মোকাবেলা করে বার্থ অপারেটিং কার্যক্রম পরিচালনা করা মোটেই সম্ভবপর হচ্ছে না।







