
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল। কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে ব্যবস্থা নেয়ার সুযোগ আমাদের নেই। আর গত রোববার গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ।
গত জুলাই মাসে সামাজিক মাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সংসদ ও ইসিতে চিঠি দিয়েছিল।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী রাজনৈতিক দল থেকে স্পিকারের কাছে উত্থাপিত বিরোধ স্পিকার সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) কাছে পাঠালে কমিশন শুনানি শেষে ব্যবস্থা গ্রহণ করে। স্পিকারের কাছে উত্থাপিত সেই বিরোধ নিষ্পত্তির জন্য কোনো চিঠি এখনো ইসির কাছে এসে পৌঁছায়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








