
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলা রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
বদরুল স্থানীয় হাদারপার গ্রামের মরহুম তজম্মুল আলীর ছেলে। তিনি দুই ছেলের জনক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রুস্তমপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদ প্রত্যাশী।
নিহতের সাথে থাকা সাদেক হোসেন জানান, বদরুল ও তিনি মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার বাড়িতে যাওয়ার পথে গোরাগ্রাম নামক স্থানে রাস্তা অবরোধ করে ডাকাতরা। তারা বদরুলের সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ডাকাতি করাকালে তিনি বাধা দিলে দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার ও সাদেকের ওপর আঘাত করে। এতে সাদেক কোনোমতে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় বদরুলের। পরে স্থানীয়রা তার লাশ উদ্বার করে সিলেট ওসমানী মেডিক্যালে পাঠান।
হামলাকারীরা হলেন স্থানীয় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের ছেলে শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫), সুহিন আহমদ (২৩) ও উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদদার ছেলে নোমান আহমদ।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়লের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বদরুলের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








