
মেহেরপুরের গাংনীর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযানে আট লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
রোববার (১১ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং এক হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য সাত লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১২টা দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর হাজীপাড়ায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধার মদের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








