
দণ্ডিত পলাতক শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে সঙ্ঘাত, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা গেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই আস্ফালন আমাদের জাতীয় নিরাপত্তার সুপ্ত দুর্বলতা এবং গভীর রাজনৈতিক মেরুকরণেরই এক বিপজ্জনক বহিঃপ্রকাশ। এর পেছনে অভ্যন্তরীণ অব্যবস্থাপনার পাশাপাশি ভূ-রাজনীতিক ও ডিপ স্টেটের অন্তর্নিহিত উসকানি ও ষড়যন্ত্র স্পষ্ট।
ইতিহাসের পাতার দিকে তাকালে দেখা যায়, গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর (আনুমানিক ৬৫০ থেকে ৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত) বাংলায় কোনো শক্তিশালী শাসক না থাকায় দীর্ঘ প্রায় ১০০ বছর চরম অরাজকতা ও বিশৃঙ্খলা চলতে থাকে, যা ইতিহাসে ‘মাৎস্যন্যায়’ নামে পরিচিত। এই সময় বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, তেমনি শক্তিশালী সামন্তরা দুর্বলদের ওপর অত্যাচার চালাত এবং বহিরাগতদের আক্রমণও বহুগুণ বেড়ে গিয়েছিল। এই ভয়াবহ অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধ থেকে মুক্তি পেতে বাংলার প্রভাবশালী সামন্ত রাজা, প্রধান ব্যক্তিবর্গ বা ‘প্রকৃতিপুঞ্জ’ একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। অবশেষে আনুমানিক ৭৫০ খ্রিষ্টাব্দে তারা সর্বসম্মতিক্রমে যোগ্য ও বীর যোদ্ধা গোপালকে বাংলার রাজা হিসেবে নির্বাচিত করেন, যার মাধ্যমে বাংলায় শান্তি ফিরে আসে এবং পাল বংশের শাসন শুরু হয়।
এখানে একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক বিষয় হলো, গোপাল ব্যক্তিগত জীবনে বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তার ধর্মীয় পরিচয় নিয়ে তৎকালীন সময়ে সাধারণ মানুষ বা প্রজাদের মাঝে কোনো ধরনের বিভ্রান্তি বা দ্বিধা তৈরি হয়নি; বরং বাংলার সামগ্রিক মুক্তির স্বার্থে সর্বস্তরের মানুষ তাকে তাদের রক্ষাকর্তা হিসেবে গ্রহণ করেছিল। ইতিহাসবিদদের মতে, এটিকে ঠিক আধুনিক গণতন্ত্র বলা যায় না; বরং এটি ছিল একটি জরুরি রাজনৈতিক সমঝোতা বা অভিজাতদের ঐকমত্য।
তবে এটিকে আংশিক ‘গণতান্ত্রিক চেতনার’ প্রাথমিক রূপ বলা যায় এ কারণে যে, প্রথমত— একটানা গৃহযুদ্ধ ও অরাজকতায় সাধারণ মানুষও অতিষ্ঠ থাকায় সামন্ত নেতারা যখন গোপালকে বেছে নেন, তখন জনমতের প্রতিফলন ঘটে এবং সাধারণ মানুষ তাতে স্বতঃস্ফূর্ত সমর্থন দেয়। দ্বিতীয়ত— তরবারির জোরে বা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সিংহাসন দখল না করে, আলোচনার মাধ্যমে একজন যোগ্য নেতাকে মেনে নেয়া; সে যুগের প্রেক্ষাপটে নিঃসন্দেহে একটি বিরল এবং ইতিবাচক রাজনৈতিক সমঝোতা ছিল। প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ মানুষের এই সমর্থনে গোপাল রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করলে বাংলায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং মাৎস্যন্যায়ের অবসান ঘটে।
আজকের বাংলাদেশেও যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি এবং গোপালগঞ্জের মতো স্থানে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী শক্তিগুলোর আস্ফালন দেশকে ভেতর থেকে নড়বড়ে করে দিচ্ছে, তখন প্রাচীন বাংলার সেই ‘মাৎস্যন্যায়’ ও সমঝোতার রাজনীতির ইতিহাস অত্যন্ত প্রাসঙ্গিক। বিগত বছরগুলোতে প্রশাসন ও বিচার ব্যবস্থাকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল, তার খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সহিংসতা ও গোয়েন্দা ব্যর্থতা প্রমাণ করে যে, রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঘাপটি মেরে থাকা চক্রগুলো এখনো পরিস্থিতি স্বাভাবিক হতে দিচ্ছে না।
তবে আশার কথা হলো, দীর্ঘ এই সঙ্কট উত্তরণের জন্য নতুন করে কোনো ‘গোপাল’ খুঁজতে হবে না; আমাদের নির্বাচিত সরকার ও বিরোধী দল আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক দূরদর্শিতার রক্ত প্রধানমন্ত্রী তারেক রহমনের ধমনীতে বহমান। তার পিতা ছিলেন দূরদর্শী অদম্য চরিত্রের অধিকারী। তবে রাষ্ট্র পরিচালনার এই ক্রান্তিলগ্নে তাকে ঘিরে থাকা চাটুকার ও তোষামোদকারীদের বলয় নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা আছে। খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ ও তারেক রহমানের মধ্যে তারা যেন কোনো দেয়াল তৈরি করতে না পারে।
তারেক রহমান যদি প্রাচীন বাংলার সেই রাজনৈতিক সমঝোতা ও দূরদর্শিতার পথ অনুসরণ করেন, তবে তিনি কেবল নিজের দলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা সমাজের অন্যান্য প্রতিনিধিদের সাথেও নিয়মিত পরামর্শ ও মতবিনিময় করতে পারেন। সবার মতামত ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর জাতীয় সঙ্কট মোকাবেলা প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে তিনি দল, মত বা আঞ্চলিক সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে সামগ্রিক জাতীয় ঐক্যের নেতৃত্ব দিতে পারবেন। তোষণ বা দুর্বলতা ঝেড়ে ফেলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে তিনি কেবল বর্তমান সঙ্কটই সমাধান করবেন না; বরং ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারেন।
সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বা রাজনৈতিক ক্ষমতার বিশাল সুযোগকে কাজে লাগিয়ে অতীতের স্বৈরাচারী শাসনের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে। চরম সঙ্কটের মুহূর্তে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে, বিরোধী দল ও সুশীল সমাজের সবার মতামতকে সমন্বয় করে দেশ পরিচালনা করতে হবে। পারস্পরিক দ্বন্দ্ব, জিঘাংসা ও প্রতিশোধের রাজনীতি চিরতরে পরিহার করে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে নিয়ে কার্যকর জাতীয় সংলাপের মাধ্যমে দেশ পরিচালনা করতে হবে।
‘উইনার-টেকস-অল’ মানসিকতাকে বিদায় জানিয়ে এবং সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে রাষ্ট্রের ওপর সাধারণ মানুষের প্রকৃত মালিকানা ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি নিরাপদ, অজেয় ও সুশাসিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এবং দেশকে মাৎস্যন্যায়ের কবল থেকে রক্ষা করতে আজ তারেক রহমানকেই সেই ঐতিহাসিক ‘গোপাল’-এর ভূমিকা পালন করতে হবে।
লেখক : সাবেক সহকারী নৌবাহিনী প্রধান ও প্রোভিসি বিইউপি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








