সম্পাদকীয়
সম্পাদকীয় লোগো। নয়া দিগন্ত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনেকে বছরের পর বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন আছেন। কেউ কেউ চাকরি করছেন নিজের এলাকা থেকে শত কিলোমিটার দূরে। তারা মা-বাবার পাশে থাকতে পারছেন না। অনেকের সন্তান বড় হচ্ছে বাবার সান্নিধ্য ছাড়া। দূরে থাকা শিক্ষকদের সীমিত বেতনের মধ্য থেকেই একদিকে পরিবার সামলাতে হচ্ছে; অন্য দিকে আলাদা আবাসন, যাতায়াত ও খাবারের খরচ মেটাতে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বেসরকারি শিক্ষকরা যেন নিজেদের এলাকায় থাকতে পারেন, এর জন্য বদলি কার্যক্রম শুরু হয়েছিল। অনলাইনে আবেদনও নেয়া হয়েছিল। আবেদন গ্রহণ শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পার হয়ে গেলেও এর ফলাফল প্রকাশ করা হয়নি। প্রশাসনিক জটিলতায় ফলাফলের কাজ স্থবির হয়ে আছে। 
এই স্থবিরতায় হতাশায় পড়েছেন শিক্ষকদের পরিবার। মানবিক, পারিবারিক ও আর্থিক সঙ্কট ঘনীভূত হচ্ছে হাজারো শিক্ষকের। নয়া দিগন্তের খবরে জানানো হয়েছে, প্রায় ৬২ হাজার শূন্যপদের বিপরীতে মাত্র ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক আবেদন করেছিলেন। এই কার্যক্রম বিলম্বের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে। এগুলোর মধ্যে আছে আবেদনের তথ্য সংশোধন, আবেদন বাতিলের সুযোগ, শূন্যপদের প্রকৃত অবস্থা যাচাই এবং নিয়োগসংক্রান্ত জটিলতা। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে জানা যাচ্ছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়া শূন্যপদের তথ্যের সাথে বাস্তবতার অমিল আছে। কোথাও পদ শূন্য দেখানো হলেও সেখানে শিক্ষক কর্মরত আছেন। আবার এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকদের প্রতিস্থাপনের কারণে আগে শূন্য দেখানো কিছু পদ পূরণ হয়ে গেছে। বিশেষ করে ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার বিপরীতে সুপারিশ পাওয়া ১৯৫ জন শিক্ষককে প্রতিস্থাপন করা হয়েছে। অথচ এসব পদে বদলির জন্য আগেই আবেদন করেছিলেন অন্য শিক্ষকরা। ফলে একই পদে নতুন নিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। এর মানে নীতিমালা বাস্তবায়নের আগে মাঠপর্যায়ের যাচাই-বাছাই ও পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি ছিল।
শিক্ষকদের অভিযোগ, কলেজ পর্যায়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের পৃথক শ্রেণীবিন্যাসের কারণে অনেক শিক্ষক কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন না। 
সম্প্রতি জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, শিক্ষকদের দুর্ভোগ কমাতে বদলির ফল দ্রুত প্রকাশের দাবি উঠেছে। অন্য দিকে এনটিআরসিএভুক্ত শিক্ষকদের বদলিজনিত স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এখন প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ। যেসব পদ নিয়ে আইনি বা নিয়োগসংক্রান্ত জটিলতা আছে, সেগুলো আলাদা রেখে প্রকৃত শূন্য পদগুলোতে দ্রুত বদলির ফল প্রকাশ করা যেতে পারে। এতে অন্তত কিছু শিক্ষকের মধ্যে স্বস্তি আসবে।
শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মানসিক প্রশান্তি ও পারিবারিক স্থিতিশীলতা দরকার। প্রশাসনিক জটিলতায় শিক্ষকদের পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা কাম্য নয়।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোকে শূন্যপদের হালনাগাদ তথ্য দ্রুত নিশ্চিত করতে হবে। সেই সাথে সফটওয়্যারের ত্রুটি সারিয়ে তোলা জরুরি। বাস্তবসম্মত সমন্বয়ের মাধ্যমে বদলি কার্যক্রমের জট খুলে দেয়া হবে বলে আমরা আশা করি।